
ঢাকাঃ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি।সোমবার (২৯ জুন) পর্যন্ত ২১১টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। এখনও অবশিষ্ট হাজিদের ফিরিয়ে আনতে নিয়মিতভাবে ফিরতি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৭২ হাজার ৬১০ জন।ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এগিয়ে রয়েছে। সংস্থাটি ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাসের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৬ হাজার ৫২৭ জন হাজি।এ বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। তবে হজের মূল আনুষ্ঠানিকতার স্থান মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্যসেবা কার্যক্রমও ছিল ব্যাপক। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন, যার মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৪০ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৫২ জন হাজিকে তথ্য ও কারিগরি সহায়তা প্রদান করেছে।উল্লেখ্য, চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পান।