ব্র্যান্ডের পণ্য ছেড়ে ভ্রমণ ও ভোজনে খরচ করছেন ধনীরা


ঢাকাঃ বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের কেনাকাটা বা খরচের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে সম্প্রতি।
এখন আর তারা কেবল দামি গাড়ি, ঘড়ি বা ব্র্যান্ডের পোশাকের পেছনে অর্থ ঢালতে চান না। বরং ঘুরে বেড়ানো, দামি রেস্তোরাঁয় খাওয়া বা নতুন কোনো অভিজ্ঞতা অর্জনই বেশি গুরুত্ব পাচ্ছে বিলাসবহুল খরচের ক্ষেত্রে। বিশ্বজুড়ে ধনীদের খরচের নতুন এ প্রবণতাকে বলা হচ্ছে ‘অভিজ্ঞতামূলক বিলাসিতা’।
বেইন অ্যান্ড কোং ও আলতাগামার সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দুই বছর খারাপ সময় পার করেছে বৈশ্বিক বিলাস পণ্যের বাজার। তবে ২০২৬ সালে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে খাতটি। যদিও পণ্য কেনার তুলনায় মানুষের ভ্রমণের আগ্রহই বাজারকে বেশি সচল রাখছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে ব্যক্তিগত ব্যবহারের বিলাসপণ্যের বিক্রি ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। চলতি বছর খাতটির মোট বিক্রি ৩৬ হাজার ৫০০ কোটি থেকে ৩৭ হাজার ৩০০ কোটি ইউরোতে পৌঁছতে পারে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাজারটির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইরান যুদ্ধের আগে দুবাই ছিল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বিলাসপণ্যের বাজার। কিন্তু পর্যটননির্ভর শহরটি এখনো মন্দা কাটিয়ে উঠতে পারেনি।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে ও চীনে পণ্যের চাহিদা বাড়লে খাতটির প্রবৃদ্ধি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এবার ২০২১ সালের পর প্রথমবারের মতো বিলাসপণ্যের বাজারে প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, খরচের ক্ষেত্রে ধনী গ্রাহকদের অগ্রাধিকার এখন বদলে যাচ্ছে। লোক দেখানোর জন্য দামি জিনিস কেনার চেয়ে তারা এখন ভ্রমণ, নানা অনুষ্ঠান ও ভালো খাবারের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যেখানে বিলাসপণ্যের বিক্রি সর্বোচ্চ ৪ শতাংশ বাড়তে পারে, সেখানে অভিজ্ঞতামূলক খাতে প্রবৃদ্ধি হতে পারে ৩ থেকে ৭ শতাংশ। এরই মধ্যে বিশ্বে রেস্তোরাঁ ও বিনোদন খাতের বুকিং প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
পাশাপাশি বিলাসী পর্যটনে যুক্ত হয়েছে নতুন শব্দ ‘ইনহেরিটুরিজম’ বা উত্তরাধিকারী পর্যটন। এর অর্থ হলো ধনী পরিবারগুলো এখন সবাই মিলে একসঙ্গে ভ্রমণে যাচ্ছেন। এছাড়া প্রমোদতরী বা ক্রুজে ভ্রমণের ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের ভিড় বাড়ছে। ভালো মানের খাবার ও চিত্রকলার বাজারেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
তিনি জানান, বিভিন্ন অনুষ্ঠান ও ভোজন অভিজ্ঞতার গুরুত্ব এখন বাড়ছে।








