বাংলাদেশি পাসপোর্ট দেখলেই সমীহ করবে বিশ্ব


অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে।’
হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’-এর দশম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন আরো বলেন, মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগপোযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, ত্রিশ লক্ষ শহীদ আর দু’লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ গঠনে তরুণ প্রজন্মকে অংশ নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।












